দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। এ নিয়ে টানা তিন দফায় বাড়ল সোনার দাম। এর আগে ২৬ ও ২৭ নভেম্বর প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা করে দাম বাড়ানো হয়েছিল।
শনিবার (২৮ নভেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়। সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। আগের দিন এ দাম ছিল ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।
সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গয়নার নকশা অনুযায়ী মজুরি নির্ধারণ করতে হবে। সোনার নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদল করলে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এ ক্ষেত্রেও আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না।
পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে নতুন নির্ধারিত দাম ও এসব নিয়ম কার্যকর থাকবে।