
আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার দাম সহনীয় রাখতে এসব ফল আমদানিতে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্তে খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্কও কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে এনবিআর।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুর আমদানিতে ৫ শতাংশ শুল্ক কার্যকর থাকবে। আগে এ হার ছিল ২৫ শতাংশ। শুল্ক কমানোর ফলে খেজুর আমদানিতে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে দাঁড়িয়েছে।
অন্যদিকে আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ দুই ফলের ক্ষেত্রে সম্পূরক শুল্ক ও ভ্যাট ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে আপেল ও কমলা আমদানিতে মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপেল ও কমলার ক্ষেত্রে নতুন শুল্কহার ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এনবিআরের আশা, শুল্ক কমানোর ফলে ফলগুলোর আমদানি বাড়বে। পাশাপাশি বাজারে সরবরাহ স্বাভাবিক হওয়ায় দামের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।
আমদানি-নির্ভর এসব ফলের শুল্ক কমানোর সিদ্ধান্ত কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছিল বলে জানা গেছে।
এদিকে গত কয়েক অর্থবছরের পরিসংখ্যানে দেশে আপেল ও কমলা আমদানির পরিমাণে ওঠানামার চিত্র দেখা গেছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ২ লাখ ৬৭ হাজার টন আপেল আমদানি হয়েছিল। পরবর্তী সময়ে আমদানির পরিমাণ কমতে থাকে। ২০২৪-২৫ অর্থবছরে তা নেমে আসে ১ লাখ ৬২ হাজার টনে, যা আলোচিত সময়ের মধ্যে সর্বনিম্ন। তবে ২০২৫-২৬ অর্থবছরে আপেল আমদানি বেড়ে ১ লাখ ৮১ হাজার টনে পৌঁছায়।
কমলার ক্ষেত্রে আমদানির পরিমাণে ধারাবাহিক নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ২০২০-২১ অর্থবছরে দেশে ৩ লাখ ৩৩ হাজার টন কমলা আমদানি হয়েছিল। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়ায় ১ লাখ ৬৯ হাজার টনে। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে কমলার আমদানি আরও কমে ১ লাখ ৫৪ হাজার টনে নেমেছে, যা ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।
শুল্ক কমানোর ফলে আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার আমদানি এবং বাজারে সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে আমদানি পর্যায়ে শুল্ক কমার সুফল শেষ পর্যন্ত ভোক্তাদের কাছে কতটা পৌঁছাবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বাজারসংশ্লিষ্টদের মতে, শুল্ক কমানোর পাশাপাশি আমদানি, সরবরাহ ও খুচরা বাজারে দামের ওপর নজরদারি না থাকলে ভোক্তারা প্রত্যাশিত সুবিধা নাও পেতে পারেন।