চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিক-কর্মচারীদের জন্য নতুন মজুরিকাঠামো ঘোষণা করেছে সরকার। এতে শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৪ হাজার ৮০০ টাকা বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কর্মচারীদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা। নতুন কাঠামো অনুযায়ী, প্রতিবছর ৫ শতাংশ হারে মজুরি বাড়বে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গত সপ্তাহে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে এ খাতের শ্রমিক ও কর্মচারীদের মজুরি নির্ধারণ করা হয়েছিল। ফলে প্রায় ছয় বছর পর নতুন মজুরিকাঠামো পেলেন তাঁরা।
নতুন কাঠামোয় শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৭ হাজার ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা করা হয়েছে। অন্যদিকে কর্মচারীদের সর্বনিম্ন মজুরি ৮ হাজার ৫২৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা। শিক্ষানবিশদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।
শ্রমিকদের জন্য ছয়টি গ্রেড
নতুন মজুরিকাঠামোয় শ্রমিকদের জন্য ছয়টি গ্রেড রাখা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন ষষ্ঠ গ্রেডের সহকারী অপারেটরদের মাসিক মজুরি ১১ হাজার ৯০০ টাকা। এই গ্রেডে মূল মজুরি ৬ হাজার টাকা, বাড়িভাড়া ৩ হাজার টাকা, চিকিৎসা ভাতা ১ হাজার টাকা, যাতায়াত ভাতা ৬০০ টাকা এবং খাদ্য ভাতা ১ হাজার ৩০০ টাকা।
সব গ্রেডের শ্রমিক চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা মিলিয়ে সমান ২ হাজার ৯০০ টাকা পাবেন।
অন্য গ্রেডগুলোর মধ্যে পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের মাসিক মজুরি ১৩ হাজার ৮৫ টাকা, চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের ১৪ হাজার ৪০৫ টাকা, তৃতীয় গ্রেডের অপারেটরদের ১৫ হাজার ৮৭৫ টাকা এবং দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের ১৭ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সর্বোচ্চ প্রথম গ্রেডে থাকা চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদের শ্রমিকদের মাসিক মজুরি হবে ২৩ হাজার ২৫৫ টাকা।
কর্মচারীদের মজুরি সর্বনিম্ন ১৪,৪০৫ টাকা
কর্মচারীদের জন্য চারটি গ্রেড নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন চতুর্থ গ্রেডের কর্মচারীদের মাসিক মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা। এর মধ্যে মূল মজুরি ৭ হাজার ৬৭০ টাকা, বাড়িভাড়া ৩ হাজার ৮৩৫ টাকা এবং চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা মিলিয়ে ২ হাজার ৯০০ টাকা।
তৃতীয় গ্রেডের কর্মচারীদের মাসিক মজুরি ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডের ১৮ হাজার ৮১৫ টাকা এবং প্রথম গ্রেডের ২০ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শিক্ষানবিশদের মাসিক মজুরি হবে ১০ হাজার টাকা। তাঁদের শিক্ষানবিশকাল তিন মাস। তবে প্রয়োজন হলে মালিকপক্ষ এই সময় বাড়াতে পারবে।
মজুরি নিয়ে শ্রমিকদের অসন্তোষ
জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে এ খাতের মজুরি পুনর্নির্ধারণের জন্য ছয় সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করা হয়। কয়েক দফা বৈঠকের পর গত আগস্টে নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করে বোর্ড। আলোচনায় শ্রমিকপক্ষ শুরুতে সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব ছিল ৮ হাজার টাকা।
দেশে চামড়াপণ্য ও জুতা তৈরির প্রায় ২০০টি কারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানে দুই লাখের বেশি শ্রমিক-কর্মচারী কাজ করেন। নতুন মজুরিকাঠামোয় তাঁদের আয় বাড়লেও বর্তমান বাজারদরের সঙ্গে নির্ধারিত মজুরি কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিক প্রতিনিধিরা।
মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি মো. মুমিনুল আহসান বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে মালিকেরা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছেন। অন্যদিকে মূল্যস্ফীতির চাপে শ্রমিকেরাও ভালো নেই। সব দিক বিবেচনা করেই সর্বসম্মতিক্রমে নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে।
তবে শ্রমিকপক্ষের প্রতিনিধি আওরেঙ্গজেব চৌধুরী বলেন, ‘শ্রমিকদের সন্তুষ্ট হওয়ার কারণ নেই। কারণ, বর্তমান বাজারদরের সঙ্গে এই মজুরি যায় না।’
শ্রমিকপক্ষ শুরুতে সাড়ে ১২ হাজার টাকার প্রস্তাব না দিয়ে তুলনামূলক কম মজুরির প্রস্তাব করেছিল কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তখন দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে কম মজুরির প্রস্তাব দেওয়া হয়েছিল।