ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র উত্তোলনে বাধা, শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং প্রার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। গত ১২ নভেম্বর ই-ক্যাব কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ অনুযায়ী, ই-ক্যাবের সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে মুহাম্মাদ ইসমাইল হোসাইন ও হোসনে আরা নুরী নওরীনকে বাধা দেন একই পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী আরেক প্রার্থী কাজী মুকিতুজ্জামান মুকিত।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের অভিযোগ, হোসনে আরা নুরী নওরীন ই-ক্যাব কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে কাজী মুকিত ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা তাঁকে টেনেহিঁচড়ে সেখান থেকে সরিয়ে দেন। এতে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হন বলে অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহের জন্য নির্ধারিত অর্থ জমা দেওয়ার পর মুহাম্মাদ ইসমাইল হোসাইনের মানি রিসিপ্ট কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে কাজী মুকিত ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ সময় তাঁকে ধাক্কা দিয়ে কার্যালয়ের কক্ষ থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র সংগ্রহের মতো গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এমন বাধা এবং প্রার্থীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ই-ক্যাবের নির্বাচনী পরিবেশ নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করা এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে নির্বাচন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।