দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। নভেম্বরের প্রথম পাঁচ দিনে তিন দফায় ভরিপ্রতি মোট ১২ হাজার ৭২ টাকা বেড়েছে স্বর্ণের দাম। সর্বশেষ দফায় এক ভরিতে দাম বাড়ানো হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সকাল ১০টা থেকেই নতুন দর কার্যকর হয়েছে। বাজুসের ভাষ্য, তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।
এর আগে বুধবার (৪ নভেম্বর) ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। তারও আগে ২ নভেম্বর বাড়ানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। আর ৩১ অক্টোবর ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়েছিল বাজুস।
বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার কেনার ক্ষেত্রে ডিজাইনভেদে মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো, ৬৭ বার কমানো এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগের বছর, অর্থাৎ ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।