নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশের জোয়ার, কমেনি দামের ঝাঁজ

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য

মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন করতে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদী ও সাগরে মাছ ধরতে ফিরেছেন জেলেরা। জেলেদের

2026-11-10T16:51:31+00:00
2026-11-10T16:51:31+00:00
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
বাণিজ্য
নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশের জোয়ার, কমেনি দামের ঝাঁজ
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:৫১ পিএম 
সংগৃহীত ছবি
মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন করতে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদী ও সাগরে মাছ ধরতে ফিরেছেন জেলেরা। জেলেদের কর্মচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে মাছ ধরার নৌকা ও উপকূলীয় মাছঘাট। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বাজারে বাড়তে শুরু করেছে ইলিশের সরবরাহ। তবে মাছের সরবরাহ বাড়লেও কমছে না দাম। রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে জাতীয় মাছ। ফলে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের কাছে ইলিশ কেনা এখনো বিলাসিতার মতো।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আকার ও ওজনভেদে পাঁচ ধরনের ইলিশ বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের ইলিশের দাম চাওয়া হচ্ছে কেজিপ্রতি ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা। ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকায়।

এ ছাড়া তিনটিতে এক কেজি বা কিছুটা বেশি হয়, এমন ইলিশের দাম কেজিপ্রতি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। চারটিতে এক কেজি হয় এমন ইলিশ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১ হাজার ১০০ টাকায়। আর তুলনামূলক ছোট আকারের পাঁচ থেকে ছয়টিতে এক কেজি হয়, এমন ইলিশের দাম ৭০০ থেকে ৮০০ টাকা।

মুগদা বাজারের মাছ বিক্রেতা লোকমান জানান, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইলিশের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। তবে আড়তে বেশি দামে মাছ কিনতে হওয়ায় খুচরা বাজারেও দাম কমানোর সুযোগ নেই।

তিনি বলেন, পাঁচ থেকে ছয়টিতে এক কেজি হয় এমন ইলিশ আড়ত থেকে ৬৫০ থেকে ৭০০ টাকা কেজি দরে কিনতে হয়। পরে প্রতি কেজিতে ৫০ টাকা লাভ রেখে বিক্রি করেন তাঁরা।

অন্যদিকে, বাজারে ইলিশ কিনতে এসে দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বেসরকারি চাকরিজীবী সোলাইমান মন্ডল। তাঁর অভিযোগ, সাগরে জেলেদের মাছ ধরার ভিডিওতে প্রচুর ইলিশ ধরা পড়ার দৃশ্য দেখা গেলেও বাজারে তার প্রতিফলন নেই। সরবরাহের তুলনায় বাজারে মাছের প্রাপ্যতা কম, আবার যে মাছ পাওয়া যাচ্ছে, সেগুলোর দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

ইলিশের বাজারে এই অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানান তিনি। তাঁর মতে, অতিরিক্ত মুনাফা করা ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি নিয়মিত বাজার তদারকি জরুরি। পাইকারি ও খুচরা বাজারের দামের ব্যবধান পর্যবেক্ষণ এবং সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা গেলে ইলিশের দাম সাধারণ মানুষের নাগালে আসতে পারে।

প্রসঙ্গত, মা ইলিশ সংরক্ষণে গত ৭ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়, যা ২৯ অক্টোবর মধ্যরাতে শেষ হয়। পরদিন ৩০ অক্টোবর থেকে নদী ও সাগরে মাছ ধরার অনুমতি পেয়ে আবারও মাছ আহরণে নামেন জেলেরা। তবে মাছের সরবরাহ বাড়ার পরও বাজারে দামের ঊর্ধ্বগতি অব্যাহত থাকায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফেরেনি।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: