একসময় অর্থনৈতিক অনিশ্চয়তা, যুদ্ধ কিংবা শেয়ারবাজারের অস্থিরতায় বিনিয়োগকারীদের প্রথম পছন্দ ছিল সোনা। সংকটের সময় নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত এই মূল্যবান ধাতুই এখন বড় দরপতনের মুখে। বিশ্ববাজারে এক সপ্তাহে প্রায় ৯ দশমিক ২ শতাংশ দাম কমে যাওয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে, সোনার নিরাপদ বিনিয়োগের অবস্থান কি চ্যালেঞ্জের মুখে পড়ছে?
শুধু সাম্প্রতিক দরপতনই নয়, আগামী দিনগুলোতেও সোনার বাজারে চাপ অব্যাহত থাকার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ার সম্ভাবনা, শক্তিশালী ডলার, শেয়ারবাজারে অস্থিরতা এবং বিনিয়োগকারীদের নগদ অর্থ সংগ্রহের প্রবণতা—সব মিলিয়ে চাপে পড়েছে সোনার বাজার।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার স্পটমূল্য ২ দশমিক ৭ শতাংশ কমে ৩ হাজার ৫২৫ ডলার ২৫ সেন্টে নেমে আসে। সপ্তাহজুড়ে দর কমেছে প্রায় ৯ দশমিক ২ শতাংশ, যা গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। এর আগে গত ১৪ মাসের মধ্যেও সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল সোনার দাম। অথচ চলতি বছরের জানুয়ারিতে প্রতি আউন্স সোনার মূল্য রেকর্ড ৫ হাজার ৫১৫ ডলারে উঠেছিল।
কেন মুখ থুবড়ে পড়ছে সোনার বাজার
বিশ্লেষকদের মতে, সোনার দামের ওপর সবচেয়ে বড় চাপ তৈরি করছে যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির সম্ভাব্য কঠোর অবস্থান। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা সোনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
সুদের হার বাড়লে মার্কিন ট্রেজারি বন্ডের মতো সুদভিত্তিক বিনিয়োগের আকর্ষণ বেড়ে যায়। বিপরীতে সোনা থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে ডলারের শক্তিশালী অবস্থানের পাশাপাশি বন্ডের মুনাফা বাড়ার সম্ভাবনা সোনার চাহিদা কমিয়ে দিচ্ছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে বৈশ্বিক শেয়ারবাজারের অস্থিরতা। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারে দরপতনের কারণে অনেক বিনিয়োগকারী আর্থিক চাপের মুখে পড়েছেন। লোকসান সামাল দিতে এবং মার্জিন কল পরিশোধের জন্য তাঁরা সোনাসহ বিভিন্ন সম্পদ বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করছেন। ফলে প্রচলিত অর্থে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সোনাও বিক্রির চাপ থেকে রেহাই পাচ্ছে না।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান পেপারস্টোনের গবেষণা বিভাগের প্রধান ক্রিস ওয়েস্টনের মতে, সামষ্টিক অর্থনীতির প্রতিকূল পরিস্থিতি এবং বাধ্যতামূলক সম্পদ বিক্রির চাপ—দুই দিক থেকেই চাপে রয়েছে সোনার বাজার।
সেঞ্চুরি ফিন্যান্সিয়ালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা বিজয় ভেলেচার মতে, ফেডারেল রিজার্ভের কঠোর অবস্থান, ডলারের শক্তিশালী হওয়া এবং শেয়ারবাজারের অস্থিরতা একসঙ্গে সোনার দামে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ ধরে রাখার পরিবর্তে নগদ অর্থের দিকে বেশি ঝুঁকছেন।
সামনে আরও কতটা কমতে পারে দাম
সোনার বাজারে স্বস্তি ফেরার লক্ষণ এখনো স্পষ্ট নয়। বরং দরপতনের প্রবণতা আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। বিনিয়োগ তহবিলগুলোর একটি অংশ সোনার দাম কমার পক্ষে অবস্থান নিচ্ছে। পাশাপাশি এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড বা ইটিএফের বিনিয়োগকারীদের বিক্রির চাপ বাড়লে বাজারে দরপতন আরও তীব্র হতে পারে।
বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার ৩ হাজার ৫০০ ডলারকে গুরুত্বপূর্ণ সমর্থনমূল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই স্তর ধরে রাখতে ব্যর্থ হলে দাম ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৩০০ ডলারে নেমে যেতে পারে। এমনকি পরিস্থিতি আরও খারাপ হলে ৩ হাজার ২০০ ডলারে পৌঁছানোর আশঙ্কাও রয়েছে।
তবে বাজার ঘুরে দাঁড়ালে প্রথমে ৩ হাজার ৬০০ ডলারের বাধা অতিক্রম করতে হবে সোনাকে। এরপর ৩ হাজার ৭০০ ডলারের দিকে এগোনোর সুযোগ তৈরি হতে পারে। যদিও আগে সমর্থন হিসেবে কাজ করা ৩ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৮৫০ ডলারের অঞ্চল এখন দামের ঊর্ধ্বগতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
নিরাপদ আশ্রয়ের মর্যাদা কি হারাচ্ছে সোনা?
সাম্প্রতিক দরপতনে সোনার নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিতি নিয়ে প্রশ্ন উঠলেও বিশ্লেষকেরা মনে করছেন, এর মৌলিক অবস্থান এখনই হারিয়ে যায়নি। বরং বৈশ্বিক বাজারে তীব্র অস্থিরতার সময় বিনিয়োগকারীদের আচরণে পরিবর্তন এসেছে। লোকসান সামাল দিতে তাৎক্ষণিক নগদ অর্থের প্রয়োজন হলে তাঁরা সহজে বিক্রি করা যায় এমন সম্পদ ছাড়তে বাধ্য হন। সোনাও সেই তালিকায় রয়েছে।
ক্রিস ওয়েস্টনের মতে, সোনার বাজারে স্থিতিশীলতা ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রকৃত সুদের হার স্থির হওয়া, ডলারের শক্তি কমা এবং বাধ্যতামূলক সম্পদ বিক্রির চাপ হ্রাস পাওয়া জরুরি।
আগামী সপ্তাহে প্রকাশিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য-উপাত্তও সোনার বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে আপাতত বাজারের অস্থিরতা কাটার অপেক্ষায় থাকতে হচ্ছে বিনিয়োগকারীদের।
বিশ্লেষকদের পরামর্শ, এমন অনিশ্চিত পরিস্থিতিতে একবারে বড় অঙ্কের অর্থ সোনায় বিনিয়োগ না করে ধাপে ধাপে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া তুলনামূলক বিচক্ষণ হতে পারে।