স্বর্ণের আগের দামে ফিরতে লাগতে পারে ৬ থেকে ৮ বছর

অর্থনীতি ডেস্ক

বাণিজ্য

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। গত এক সপ্তাহে মূল্যবান এই ধাতুর দাম কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ,

2026-11-22T11:25:29+00:00
2026-11-22T11:25:29+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বাণিজ্য
স্বর্ণের আগের দামে ফিরতে লাগতে পারে ৬ থেকে ৮ বছর
অর্থনীতি ডেস্ক
রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:২৫ এএম 
স্বর্ণের আগের দামে ফিরতে লাগতে পারে ৬ থেকে ৮ বছর
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। গত এক সপ্তাহে মূল্যবান এই ধাতুর দাম কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ, যা গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৩ হাজার ৫০০ ডলারের কাছাকাছি। বিশ্লেষকদের আশঙ্কা, এই স্তর ভেঙে গেলে দাম আরও কমে ৩ হাজার ৩০০ ডলারে পৌঁছাতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সপ্তাহের শেষ দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে দাঁড়ায় ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে। এর আগে একপর্যায়ে দাম নেমে ৩ হাজার ৫০২ দশমিক ৪৯ ডলারে পৌঁছায়, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

এফএক্সএমপায়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের প্রকৃত মুনাফার হার ২ দশমিক ৮৮ শতাংশে থাকা এবং টানা চার সপ্তাহ ডলারের দর বাড়ার কারণে স্বর্ণের বাজারে চাপ তৈরি হয়েছে। পাশাপাশি ফেডারেল রিজার্ভের অক্টোবরের বৈঠকের কার্যবিবরণীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পক্ষে অধিকাংশ নীতিনির্ধারকের অবস্থান উঠে এসেছে।

বাজার বিশ্লেষকদের মতে, স্বল্প মেয়াদে প্রতি আউন্স ৩ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৮০০ ডলার স্বর্ণের দামের জন্য প্রতিরোধস্তর হিসেবে কাজ করতে পারে। অন্যদিকে, ৩ হাজার ৫০০ ডলারের নিচে নামলে পরবর্তী সম্ভাব্য স্তর হতে পারে ৩ হাজার ৩০০ ডলার। আগামী ২৫ নভেম্বর প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) প্রতিবেদনও স্বর্ণের দামের গতিপথে প্রভাব ফেলতে পারে।

আগের সর্বোচ্চ দামে ফিরতে দীর্ঘ অপেক্ষা

২০২৬ সালের জানুয়ারিতে রেকর্ড করা সর্বোচ্চ দামের তুলনায় স্বর্ণের মূল্য ইতিমধ্যে প্রায় ৩২ শতাংশ কমেছে। তবে অতীতের বাজারচিত্র বলছে, বড় দরপতনের পর আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে স্বর্ণকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে।

লাইভমিন্টে প্রকাশিত ফান্ডসইন্ডিয়ার বিশ্লেষণ অনুযায়ী, অতীতে ৩০ শতাংশের বেশি দরপতনের পর স্বর্ণের দাম আগের সর্বোচ্চ পর্যায়ে ফিরতে সাধারণত ৬ থেকে ৮ বছর সময় নিয়েছে।

১৯৮০ সালের বাজারচক্রে স্বর্ণের দাম ৫৭ শতাংশ কমে যাওয়ার পর আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে প্রায় ১০ বছর লেগেছিল। ১৯৯৬ সালের দরপতনের পর সময় লাগে ৬ বছর ৪ মাস। আর ২০১২ সালের বাজারচক্রে দাম ২৯ শতাংশ কমার পর ২০১৯ সালের জুনে আগের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এ ক্ষেত্রে সময় লেগেছিল ৬ বছর ৭ মাস।

অতীতের এসব নজিরের ভিত্তিতে বিশ্লেষকেরা মনে করছেন, বর্তমান দরপতনের পর স্বর্ণের দাম আগের রেকর্ডে ফিরতে ৬ থেকে ৮ বছর পর্যন্ত সময় লাগতে পারে।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: