দেশের বাজারে স্বর্ণের দাম কমার ধারা অব্যাহত রয়েছে। সর্বশেষ ১৬ দফা দর সমন্বয়ের মধ্যে ১১ বারই দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিশেষ করে গত দুই সপ্তাহে নয় দফা কমানো হয়েছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। সব মিলিয়ে প্রতি ভরিতে দাম কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা। ফলে চলতি বছরে এখন পর্যন্ত সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।
শনিবার (২১ নভেম্বর) রাতে নতুন দর ঘোষণা করে বাজুস। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। অন্যান্য মানের স্বর্ণের দামও কমানো হয়েছে। নতুন এই দর রোববার থেকে কার্যকর হওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।
বাজুসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের ৬ অক্টোবর দেশের বাজারে প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ টাকা ছাড়িয়ে যায়। ওই মাসে এক দফা কমে ২৯ অক্টোবর দাম দুই লাখ টাকার নিচে নামলেও পরবর্তী সময়ে বেশির ভাগ সময় এই সীমার ওপরেই ছিল স্বর্ণের দাম।
চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও স্বর্ণের দাম বেড়ে ভরিপ্রতি ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় পৌঁছায়। দেশের বাজারে এটিই ছিল স্বর্ণের সর্বোচ্চ দাম। এরপর বিভিন্ন সময়ে দাম বাড়ানো ও কমানোর মধ্য দিয়ে লেনদেন হয়েছে মূল্যবান এই ধাতুর।
বাজুসের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত ১৪২ দফায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৭৬ দফা। বাকি এক দফায় সমন্বয় করা হয়েছে ভ্যাট। এর আগে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।