খেলাপি ঋণে ডুবছে ব্যাংক খাত, প্রতি ১০০ টাকার ৩৪ টাকাই অনাদায়ি

অনলাইন ডেস্ক

বাণিজ্য

নানা ছাড়, ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনের সুযোগ দিয়েও ব্যাংক খাতে খেলাপি ঋণের লাগাম টানা যাচ্ছে না। বরং দেশে খেলাপি ঋণের

2026-11-23T14:27:16+00:00
2026-11-23T14:27:16+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বাণিজ্য
খেলাপি ঋণে ডুবছে ব্যাংক খাত, প্রতি ১০০ টাকার ৩৪ টাকাই অনাদায়ি
অনলাইন ডেস্ক
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:২৭ পিএম 
খেলাপি ঋণে ডুবছে ব্যাংক খাত, প্রতি ১০০ টাকার ৩৪ টাকাই অনাদায়ি
নানা ছাড়, ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনের সুযোগ দিয়েও ব্যাংক খাতে খেলাপি ঋণের লাগাম টানা যাচ্ছে না। বরং দেশে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গত তিন মাসে এই ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। বর্তমানে ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় ৩৪ শতাংশই খেলাপি। অর্থাৎ ব্যাংক থেকে ঋণ হিসেবে দেওয়া প্রতি ১০০ টাকার মধ্যে প্রায় ৩৪ টাকাই অনাদায়ি থেকে যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। খেলাপি ঋণের এই বিপুল পরিমাণ ব্যাংক খাতের আর্থিক দুর্বলতা এবং ঋণ আদায়ের সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। তখন মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ ছিল খেলাপি। সে হিসাবে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।

এর আগে মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। ওই সময় মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ ছিল খেলাপি। অর্থাৎ চলতি বছরের প্রথম তিন প্রান্তিকেই খেলাপি ঋণের পরিমাণ ও হার—দুটিই ধারাবাহিকভাবে বেড়েছে। ঋণ পুনঃতফসিল ও বিশেষ ছাড়ের সুযোগ দিয়েও এই প্রবণতা থামানো যায়নি।

ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, আওয়ামী লীগ সরকারের আমলে নানা অনিয়ম ও লুটপাটের মাধ্যমে বিতরণ করা ঋণের প্রকৃত চিত্র আড়াল করা হয়েছিল। সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতের প্রকৃত অবস্থা প্রকাশের উদ্যোগ নিলে এসব ঋণের বড় অংশ খেলাপি হিসেবে শনাক্ত হয়।

তাঁদের ভাষ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক প্রভাবশালী ঋণগ্রহীতা আত্মগোপনে চলে যাওয়ায় ঋণ আদায় ব্যাহত হয়। এতে খেলাপি ঋণের পরিমাণ দ্রুত বাড়ে। পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকার বিশেষ ছাড়ে ঋণ পুনঃতফসিলের সুযোগ দিলেও তাতে স্থায়ী সমাধান আসেনি।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার দায়িত্ব নেওয়ার সময় খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। ২০২৪ সালের জুনে ক্ষমতা ছাড়ার আগে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা।

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বর্তমান বিএনপি সরকারের সময়েও খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ব্যাংক খাতে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বলতার প্রভাব এখনো কাটেনি।

সংস্কার ছাড়া সমাধান নেই

ব্যাংক খাতে খেলাপি ঋণের ধারাবাহিক বৃদ্ধিকে উদ্বেগজনক বলে মনে করছেন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন। তাঁর মতে, রাজনৈতিক প্রভাব ও সুশাসনের ঘাটতির কারণে দেশে ইচ্ছাকৃত ঋণখেলাপির প্রবণতা বেড়েছে। এর ফলে ব্যাংকগুলোতে তারল্যসংকট তৈরি হচ্ছে। পাশাপাশি বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাওয়ায় নতুন বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে।

ফাহমিদা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে ব্যাংক খাতের প্রকৃত খেলাপি ঋণের চিত্র আড়াল করে রাখা হয়েছে। সব ব্যাংকের প্রকৃত তথ্য পুরোপুরি প্রকাশ পেলে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়তে পারে। তাই সাময়িক ছাড় দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়; প্রয়োজন দীর্ঘমেয়াদি ও কার্যকর সংস্কার।

তিনি আরও বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে খেলাপি ঋণের প্রকৃত চিত্র গোপন না করে আদায়যোগ্য ঋণ দ্রুত আদায়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অতীতের অনিয়মের পাশাপাশি ঋণের প্রকৃত মান নির্ধারণে নীতিগত পরিবর্তনও খেলাপি ঋণ বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়মের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে-বেনামে বিতরণ করা অনেক ঋণ এখন নিয়ম অনুযায়ী খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে।

তাঁদের মতে, ঋণখেলাপি শ্রেণিবিন্যাসে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়ম প্রয়োগ করায় খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। অতীতে যেসব ঋণ বারবার নবায়ন করে নিয়মিত দেখানো হয়েছে, সেগুলোর অনেকই এখন আর আদায় হচ্ছে না। ফলে এসব ঋণও খেলাপির তালিকায় যুক্ত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, অনিয়মের মাধ্যমে বিতরণ করা ঋণ শনাক্ত এবং ঋণের প্রকৃত অবস্থা প্রকাশের ফলে ব্যাংক খাতের দীর্ঘদিনের আড়ালে থাকা দুর্বলতাগুলো সামনে আসছে। তবে এ পরিস্থিতি থেকে উত্তরণে শুধু খেলাপি ঋণ শনাক্ত করলেই হবে না; ঋণ আদায়, সুশাসন প্রতিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: