দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ভ্যাটসহ ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। আগের দিন বুধবার এই দাম ছিল ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।
সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের রুপা ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গয়নার নকশা অনুযায়ী মজুরি নির্ধারণ করতে হবে। নির্ধারিত সোনার দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদা করে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদলের ক্ষেত্রে ৯ শতাংশ এবং বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নিয়ম বহাল থাকবে। এ ক্ষেত্রেও আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দাম ও এসব নিয়ম কার্যকর থাকবে।