গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট এলাকার তালতলী জামে মসজিদকে ঘিরে রয়েছে বহু বছরের স্মৃতি, নানা জনশ্রুতি ও কৌতূহল। স্থানীয়দের অনেকের দাবি, মসজিদটির সঙ্গে মুঘল আমলের ইতিহাস জড়িয়ে আছে। তবে এর নির্মাণকাল বা প্রতিষ্ঠার সময় নিশ্চিত করার মতো কোনো লিখিত দলিল বর্তমানে পাওয়া যায়নি।
স্থানীয় প্রবীণদের ভাষ্য, একসময় তালতলী এলাকায় ছোট আকারের একটি পুরোনো মসজিদ ছিল। সেই স্থাপনায় গম্বুজের আদলও ছিল বলে তারা জানান। সময়ের সঙ্গে এলাকায় জনসংখ্যা ও মুসল্লির সংখ্যা বাড়তে থাকায় পুরোনো মসজিদটি একপর্যায়ে ছোট ও জরাজীর্ণ হয়ে পড়ে। পরে সেটি ভেঙে সেখানে নির্মাণ করা হয় নতুন ভবন।
নতুন ভবন নির্মাণের ফলে পুরোনো স্থাপত্যের অনেক নিদর্শন হারিয়ে গেলেও মসজিদটিকে ঘিরে থাকা স্মৃতি এখনো স্থানীয়দের মধ্যে রয়েছে।
এলাকার ৭৬ বছর বয়সী প্রবীণ শাকোয়াত জানান, মসজিদটির প্রকৃত নির্মাণকাল তারও জানা নেই। তবে ছোটবেলা থেকেই বাপ-দাদার মুখে এ মসজিদের কথা শুনে আসছেন তিনি। পুরোনো মসজিদের স্মৃতি এখনও তাকে নস্টালজিক করে তোলে বলেও জানান তিনি।
স্থানীয়দের কেউ কেউ জানান, মসজিদটির পুরোনো স্থাপত্য ও প্রচলিত ইতিহাস নিয়ে এলাকার এক অধ্যাপক লেখালেখি করেছিলেন। সেই লেখার সূত্র ধরেই পরবর্তী সময়ে অনেকে এটিকে মুঘল আমলের স্থাপনা হিসেবে উল্লেখ করতে শুরু করেন। তবে মসজিদটির সময়কাল নির্ধারণে প্রত্নতাত্ত্বিক গবেষণা বা সরকারি নথির কোনো নিশ্চিত তথ্য পাওয়া গেছে কি না, তা জানা যায়নি।
ফকিরহাট এলাকার চেয়ারম্যান মাহাবুব বলেন, ছোটবেলা থেকেই তিনি বাব-দাদার কাছে মসজিদটির কথা শুনে আসছেন। তবে এর নির্মাণকাল বা প্রতিষ্ঠার সময় উল্লেখ রয়েছে—এমন কোনো কাগজপত্র তার জানা নেই।
ইউপি সদস্য কদ্দুস বলেন, বাড়ির পাশেই ছোটবেলা থেকে মসজিদটি দেখে আসছেন। কিন্তু মসজিদটি কখন বা কার উদ্যোগে নির্মিত হয়েছিল, সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য তাদের কাছে নেই।
সংরক্ষিত নারী ইউপি সদস্য সামছুনাহার বলেন, স্থানীয় অনেকের কাছেই তিনি শুনেছেন মসজিদটি মুঘল আমলের এবং এটি অলৌকিকভাবে সৃষ্টি হয়েছিল। তবে এসব দাবির পক্ষে লিখিত প্রমাণ তার জানা নেই।
স্থানীয়দের মতে, পুরোনো স্থাপনা আর না থাকলেও তালতলী জামে মসজিদকে ঘিরে প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা গল্প ও স্মৃতি এখনও টিকে আছে। তাই মসজিদটির প্রকৃত ইতিহাস জানতে পুরোনো সরকারি নথি, জমির দলিল, স্থানীয় ঐতিহাসিক সূত্র এবং প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের প্রয়োজন রয়েছে।
ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে নির্মাণকাল ও স্থাপত্যের বৈশিষ্ট্য যাচাই করা গেলে তালতলী জামে মসজিদের প্রকৃত ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে। ততদিন পর্যন্ত মুঘল আমলের স্থাপনা হিসেবে এর পরিচয়টি স্থানীয় জনশ্রুতি হিসেবেই বিবেচিত হবে। তবে ফকিরহাটের মানুষের দীর্ঘদিনের স্মৃতি ও ঐতিহ্যের সঙ্গে মসজিদটির সম্পর্ক যে গভীর, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কোনো দ্বিমত নেই।