যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন একজন সাবেক ইউপি সদস্য, একজন যুবলীগ নেতা, একজন আওয়ামী লীগ নেতা ও একজন ছাত্রলীগ কর্মী।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত শার্শা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শার্শা থানার পাড়িয়ার ঘোপ গ্রামের সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম (৫০), রাড়িপুকুর গ্রামের যুবলীগ নেতা শেখ নাজমুল হাসান (৫১), গোপালপুর গ্রামের গোগা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমানুর রহমান (৫৩) এবং আমলাই গ্রামের ছাত্রলীগ কর্মী আবু বকর সিদ্দিক ওরফে হৃদয় (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ও ২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩, ৪ ও ৬ ধারার মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার চারজনকে রোববার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।