রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের গাংযোয়ার থেকে ফরিদপুর গ্রামের এলজিইডি সড়কের পাকাকরণকাজ চলছে। তবে সড়কের ওপর থাকা বিদ্যুতের খুঁটির টানা তার না সরিয়েই নির্মাণকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এতে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, গাংযোয়ার-ফরিদপুর সড়কের একটি অংশে বিদ্যুতের খুঁটির টানা তার সড়কের ওপর পড়ে রয়েছে। তারটি সরানোর আগেই ওই অংশে পাকাকরণের কাজ শুরু হয়েছে। বর্তমানে তারটি সড়কের পাশ ঘেঁষে পড়ে থাকায় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ও পথচারীদের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের ওপর বিদ্যুতের টানা তার রেখেই কাজ শেষ করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে রাতে পথচারী ও মোটরসাইকেল চালকদের জন্য ঝুঁকি আরও বাড়তে পারে।
ফরিদপুর গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, সড়কের ওপর বিদ্যুতের তার পড়ে থাকায় চলাচলের সময় মানুষ এতে আটকে আহত হতে পারেন। নির্মাণকাজ শেষ হওয়ার পর তারটি সরাতে গেলে সড়ক আবার কাটার প্রয়োজন হতে পারে। তাই সড়কের কাজ শেষ হওয়ার আগেই তারটি সরানোর দাবি জানান তারা।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আশরাফুল আলম বলেন, ‘রাস্তা নির্মাণের আগে টানা তারটি সরানোর জন্য অনেক চেষ্টা করেও তা সম্ভব হয়নি। তাই তারটি রাস্তার ভেতর রেখেই কাজ করা হচ্ছে।’
উপজেলা প্রকৌশলী বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুতের টানা তার সরানোর জন্য সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করতে হবে। স্থানীয়রা আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তারটি সরানো সম্ভব হবে।
এলাকাবাসীর দাবি, সড়কের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে বিদ্যুতের টানা তারটি অপসারণ করে নিরাপদভাবে সড়কের পাকাকরণকাজ সম্পন্ন করা হোক। এতে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি ভবিষ্যতে সড়ক সংস্কারের প্রয়োজনও কমবে।