নতুন শিক্ষাজীবনের স্বপ্ন নিয়ে পথচলা শুরু করা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে বাগেরহাটের ঐতিহ্যবাহী যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে ২০২৬ সালের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাগুফতা হক ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম বক্তব্য দেন।
এ সময় বিএনপি নেত্রী রুনা গাজী, জেলা কৃষক দলের আহ্বায়ক সৈয়দ আসাফুদ্দৌলা জুয়েল, কলেজের সাবেক শিক্ষার্থী সৈয়দ মাহবুবুর রহমান সুজন, যুবদল নেতা বেগ শামীম হাসান, আবু বক্করসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়; জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে ওঠাও এর অন্যতম লক্ষ্য। তাই নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, সততা ও দায়িত্ববোধের চর্চার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের একপর্যায়ে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
নবীন বরণের মধ্য দিয়ে যদুনাথ স্কুল অ্যান্ড কলেজে নতুন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হয়।