গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় জোবায়ের ভূঁইয়া (২২) নামে এক অনার্স শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পুখুরিয়া এলাকায় টিউশনি করে বাড়ি ফেরার পথে একদল যুবক লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
নিহত জোবায়ের সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। তিনি হাজী লালমিয়া সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পুখুরিয়া এলাকা থেকে টিউশনি শেষে বাড়ি ফিরছিলেন জোবায়ের। পথে একদল লোক তাকে লাঠিসোটা দিয়ে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মো. হামিম ভূঁইয়ার দাবি, সকালে কথা কাটাকাটির জেরে শহীদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে ৭-৮ জন যুবক জোবায়েরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
তবে হামলার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জোবায়েরের ওপর হামলার কারণ কী, তা পুলিশ এখনো জানতে পারেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে জোবায়েরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পুখুরিয়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশি পাহারা জোরদার করা হয়েছে।