সুনামগঞ্জের ধর্মপাশায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। জনসাধারণকে মশাবাহিত রোগ সম্পর্কে সচেতন করা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা তৈরিই ছিল কর্মসূচির মূল উদ্দেশ্য।
র্যালিতে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত, উপজেলা প্রকৌশলী শাহাবুদ্দিন, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমাম হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হক, যুগ্ম আহ্বায়ক এস এম রহমত ও সদস্য মজিবুর রহমান মজুমদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউট দলের সদস্য এবং শিক্ষার্থীরাও র্যালিতে অংশ নেন।
র্যালি শেষে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।