হবিগঞ্জের লাখাইয়ে প্রথমবার মুড়িকাটা পেঁয়াজ চাষে সফলতা পাওয়ার পর কৃষকদের মধ্যে এ ফসল চাষে আগ্রহ বেড়েছে। এরই ধারাবাহিকতায় ২০২৬-২৭ অর্থবছরে উপজেলায় মুড়িকাটা পেঁয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লাবাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট (ফ্রিপ) এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (অবসরপ্রাপ্ত) মুকুল চন্দ্র রায়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক তালুকদার, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন এবং মুড়িকাটা পেঁয়াজ চাষে সফল কৃষক মোহাম্মদ কবির মিয়া।
এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, কামাল ফরাজি, প্রশান্ত পাল, মিহির কান্তি রায়সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, কৃষি ক্ষেত্রে লাখাই উপজেলার সম্ভাবনা অনেক। এ অঞ্চলের মাটি বিভিন্ন ধরনের ফসল চাষের জন্য উপযোগী। ধান ও সরিষার পাশাপাশি মসলাজাতীয় ফসল চাষেও কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে।
বক্তারা আরও বলেন, এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমে মুড়িকাটা পেঁয়াজ চাষে কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। গত মৌসুমে এ ফসল চাষে সাফল্য পাওয়ায় এবার আরও বেশি জমিতে চাষ সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আক্তারুজ্জামান বলেন, নতুন নতুন জাত ও সম্ভাবনাময় ফসলের আবাদ বাড়াতে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। মুড়িকাটা পেঁয়াজসহ কৃষির বৈচিত্র্য বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের পাশে থাকবে।