রাতের আঁধারে সাংবাদিকের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় মামলা হওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যেই দুই আসামিকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। গ্রেপ্তার দুজনই মামলার এজাহারভুক্ত আসামি। এর মধ্যে একজন মামলার প্রধান আসামি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ রূপকানিয়া এলাকায় সাংবাদিক মিজানুর রহমানের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর মিজানুর রহমান থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে মামলা রেকর্ড করে সাতকানিয়া থানা পুলিশ।
এরপর ওসি আবদুল আলিমের নির্দেশনায় এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। মাত্র তিন ঘণ্টার মধ্যে মামলার ১ নম্বর আসামি মনির আহমদ ও ৩ নম্বর আসামি রোকনুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি হামলার পেছনের কারণ এবং ঘটনার মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
সাতকানিয়া থানার ওসি আবদুল আলিম বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হয়। এরপর দ্রুত অভিযান চালিয়ে তিন ঘণ্টার মধ্যে প্রধান আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, অপরাধী যত প্রভাবশালী বা শক্তিশালীই হোক না কেন, তাদের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বদ্ধপরিকর।
আহত সাংবাদিক মিজানুর রহমান বলেন, এর আগেও তার ওপর হামলার ঘটনা ঘটেছিল। সে সময় মামলা না করায় হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে এবার হামলার সাহস পেয়েছে বলে তিনি মনে করেন। দেশের প্রচলিত আইনের প্রতি পূর্ণ আস্থা রেখে তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
এদিকে পুলিশের দ্রুত অভিযানে দুই আসামি গ্রেপ্তার হওয়ায় স্থানীয় সুধীসমাজ সন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে তারা বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।