টাঙ্গাইলের সখীপুরে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক স্থানীয় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গুড নেইবারস বাংলাদেশ সখীপুর সিডিপির কালিয়ানপাড়া শাখার উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় সিডিপির নিজস্ব ক্যাম্পাসে ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।
ক্যাম্পে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক সুচিত্রা নাথ রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। বিভিন্ন বয়সী রোগীরা ক্যাম্পে এসে চিকিৎসা ও স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ নেন।
এ সময় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মঞ্জুরুল ইসলাম, সিডিপির ম্যানেজার মো. খায়রুল বাসার, গজারিয়া শান্তকুঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমান ভূঁইয়া, সাংবাদিক কামাল হোসেন, সিনিয়র অফিসার (স্বাস্থ্য) প্রহ্লাদ বসাক, প্রোগ্রাম ম্যানেজার সঞ্জিত রংখেইনসহ সিডিপির কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় সহায়তা করতেই এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ থাকবে।