‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে পটুয়াখালীতে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী পৌর শহরের ঝাউতলায় জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন, জেলা বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। বিএনপি ও সাধারণ মানুষ তা মেনে নেবে না। চলমান সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ না হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তাঁরা।
বক্তারা আরও বলেন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটিতে ‘হাইব্রিড নেতা’, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের স্থান দেওয়া হবে না। ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করে কমিটি গঠন করা হবে। মাদকমুক্ত দেশ গড়তে মাদকের বিরুদ্ধে বিএনপির ‘জিরো টলারেন্স’ নীতিও অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।
জেলা বিএনপির দাবি, জেলার আটটি উপজেলা থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সমর্থক সমাবেশে অংশ নেন। শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাঁরা ঝাউতলায় সমবেত হন।
সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সন্ত্রাস, নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।