ফেনীতে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে নুর আলম (২৯) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের রামপুর আল্লাহু চত্বরে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর আলম দিনাজপুর জেলার ব্রাহ্মণীপাড়া গ্রামের বাহাদুর মিয়ার ছেলে।
নিহতের বড় ভাই মনিরুল জানান, প্রতিদিনের মতো নুর আলম ওই নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটি ফেনী আদালতের আইনজীবী তুহিনের।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের স্বাস্থ্য পরিদর্শক শ্যামল চন্দ্র সরকার বলেন, শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক করে সচেতনতা তৈরিতে কাজ করা হচ্ছে। শ্রমিকদের যেমন নিরাপত্তা বিষয়ে সচেতন হতে হবে, তেমনি ভবন মালিকদেরও সতর্ক থাকতে হবে। শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।