খুলনা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যার ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়।
শিক্ষার্থীদের অবরোধের কারণে সোনাডাঙ্গা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও খুলনা সিটি করপোরেশন প্রশাসনের আশ্বাসে অবরোধ স্থগিত করেন আন্দোলনকারীরা।
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যাকাণ্ডের পরও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
একপর্যায়ে সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। রাস্তার মাঝখানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একাত্মতা প্রকাশ করেন।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ঘোষণা দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে সড়ক অবরোধের কারণে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা ১টার পর আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ এবং খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
আলোচনায় পুলিশ কর্মকর্তা শাহনেওয়াজ খালেদ বলেন, আজমুল হত্যার আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। দ্রুতই তাঁদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, আগামী এক মাসের মধ্যে মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের চেষ্টা করা হবে।
পুলিশ ও কেসিসি প্রশাসনের আশ্বাসের পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন। পরে সোনাডাঙ্গা এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।