সিরাজগঞ্জ সদর উপজেলায় জমিতে পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করার সময় বজ্রপাতে মো. বাবু (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের আকনাদিঘী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবু ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে পাওয়ার টিলার নিয়ে জমিতে হাল চাষ করছিলেন বাবু। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ইন্দ্রজিৎ বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।