হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী। চিকিৎসকরা তার এনজিওগ্রাম সম্পন্ন করার পর হার্টে স্টেন্ট বসিয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) তার ব্যক্তিগত সহকারী আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হৃদরোগের সমস্যা দেখা দিলে কাদের সিদ্দিকীকে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন শনিবার হাসপাতালের ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রসুল আমিন শিপনের তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম করা হয়। পরে হার্টে স্টেন্ট বসানো হয়।
এনজিওগ্রাম ও প্রয়োজনীয় চিকিৎসা শেষে কাদের সিদ্দিকীকে হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
তার ব্যক্তিগত সহকারী জানান, বর্তমানে কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।