জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ নয় দফা দাবি পূরণ না হলে এক দফার আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার মাটিডালি বিমান মোড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, সরকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে এবং ৯ দফা দাবি মেনে না নিলে এক দফার আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। তবে দাবি মেনে নেওয়া হলে এক দফার প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি।
লংমার্চের বহর বিকেল ৪টার দিকে বগুড়ায় পৌঁছালে মাটিডালি বিমান মোড়ে নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। সেখানে আয়োজিত পথসভা একপর্যায়ে বড় সমাবেশে রূপ নেয়। বগুড়া থেকে শতাধিক গাড়ি লংমার্চের বহরে যুক্ত হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
সমাবেশে জামায়াত আমির গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের সমালোচনা করেন। তিনি দাবি করেন, গণভোটে বিপুলসংখ্যক মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও সেই রায় বাস্তবায়নে সরকার পিছিয়ে গেছে।
জ্বালানি ও নিত্যপণ্যের দাম নিয়েও বক্তব্য দেন তিনি। তার অভিযোগ, সারের দাম বেড়েছে এবং বিদ্যুৎ ও গ্যাসের সংকট রয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে জ্বালানি মন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।
চাকরির নিয়োগ পরীক্ষায় বৈষম্যের অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্য দূর করতে হবে। প্রয়োজনে অধিকার আদায়ের আন্দোলনে আবারও জীবন দেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিমের মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি বলেন, তারা সন্তানদের নিরাপত্তা চান।
সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ঢাকা থেকে রংপুরমুখী এবারের লংমার্চের পর আগামী কর্মসূচি পঞ্চগড় থেকে ঢাকার দিকে হতে পারে। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।
এর আগে লংমার্চের বহর সিরাজগঞ্জের হাটিকুমরুল ও বগুড়ার চান্দাইকোনা অতিক্রম করে মাটিডালি বিমান মোড়ে পৌঁছায়। এতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিসসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা অংশ নেন। পথসভা শেষে বহরটি রংপুরের উদ্দেশে রওনা হয়।