১১ দলীয় ঐক্যের ঘোষিত আট দফা দাবি বিএনপি না মানলে আন্দোলন এক দফায় রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হওয়া লংমার্চটি দুপুরের দিকে হাটিকুমরুলে পৌঁছায়। সকাল থেকেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে মহাসড়কের পাশে জড়ো হতে থাকেন। দুপুরের মধ্যে তীব্র গরম উপেক্ষা করে হাজারো মানুষের উপস্থিতিতে পথসভাস্থল জনসমাগমে পরিণত হয়।
পথসভায় ডা. শফিকুর রহমান বিএনপির সমালোচনা করে বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়ন করা হয়নি। দেশে দখলদারি, চাঁদাবাজি ও সন্ত্রাস চলছে বলেও অভিযোগ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ১১ দলীয় জোটের পক্ষ থেকে শান্তিপূর্ণ লংমার্চ আয়োজন করা হয়েছে। এতে বাধা দেওয়ার চেষ্টা করা হলে জনগণ তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
পথসভায় বক্তব্য শেষে দুপুর ২টার দিকে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে লংমার্চের বহর হাটিকুমরুল ত্যাগ করে রংপুরের উদ্দেশে যাত্রা করে।