ঢাকা থেকে রংপুর লং মার্চকে ঘিরে দেশব্যাপী মানুষের ব্যাপক অংশগ্রহণে সরকারের ভয় পাওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, তাদের এই কর্মসূচি সম্পূর্ণ গণতান্ত্রিক।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, লং মার্চ সফল করতে দেশব্যাপী যে জনসম্পৃক্ততা তৈরি হয়েছে, তা নিয়ে সরকারের কয়েকজন নেতা ও মন্ত্রী প্রশ্ন তুলছেন। তারা বলছেন, এত আগে লং মার্চের প্রয়োজন কী এবং এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।
এ প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, ‘আমরা সরকারকে বলতে চাই, ভয় পাওয়ার কিছু নেই। আমাদের লং মার্চ গণতান্ত্রিক।’
তিনি বলেন, পথে পথে মানুষের কাছে তারা বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরবেন। মানুষের সঙ্গে যে বিশ্বাসভঙ্গ হয়েছে, সেই বিষয়গুলোও তুলে ধরার জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
লং মার্চ সফল করতে সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করে গোলাম পরওয়ার বলেন, কর্মসূচিকে কেন্দ্র করে দেশব্যাপী মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা যাচ্ছে। শান্তিপূর্ণভাবে লং মার্চ সম্পন্ন করতে সরকার ও প্রশাসনের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
এর আগে ঢাকা-রংপুর লং মার্চ সফল করার লক্ষ্যে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে লং মার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করার কথা রয়েছে।