ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে বগুড়ায় ১১ দলীয় ঐক্যের পথসভা শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের মাটিডালী বিমান মোড়ে এ পথসভা শুরু হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের।
এর আগে সকাল থেকে ঢাকা-রংপুর লংমার্চের বহর বিভিন্ন পথসভা শেষে বগুড়ার দিকে এগিয়ে আসে। সিরাজগঞ্জের হাটিকুমরুলে পথসভা শেষে লংমার্চের বহর বগুড়ার মাটিডালী বিমান মোড়ের উদ্দেশে যাত্রা করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিও রয়েছে কর্মসূচিতে।
বগুড়ার পথসভা শেষে লংমার্চের বহর গাইবান্ধার পলাশবাড়ী হয়ে রংপুরের দিকে যাওয়ার কথা রয়েছে। পরে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।