কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান অপ্রতীমের মর্মান্তিক মৃত্যুকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে অপ্রতীমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বন্ধুদের সঙ্গে ছবি তুলতে আনন্দের মুহূর্ত কাটানোর জন্য যে শিশুটি বাড়ি থেকে বের হয়েছিল, তাকে আর জীবিত অবস্থায় ফিরে আসতে দেওয়া হয়নি। এমন ঘটনায় কোনো বিবেকবান মানুষ নির্বিকার থাকতে পারেন না।
তিনি বলেন, অপ্রতীম ছিল তার মা-বাবার একমাত্র সন্তান। মাত্র ১৩ বছর বয়সে তাকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। এ ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
জামায়াতের এই নেতা আরও বলেন, অপ্রতীমের মৃত্যু শুধু একটি পরিবারের শোক নয়, এটি গোটা সমাজের জন্যও সতর্কবার্তা। একজন শিশু যদি নিরাপদে ঘর থেকে বের হয়ে নিরাপদে ঘরে ফিরতে না পারে, তাহলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়।
তিনি অপ্রতীমের মৃত্যুর প্রকৃত কারণ দ্রুত উদঘাটনের দাবি জানান। তার ভাষ্য, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, কী কারণে ঘটনাটি ঘটেছে এবং এর পেছনে কোনো অপরাধীচক্র বা অন্য কোনো কারণ রয়েছে কি না—নিরপেক্ষ ও পেশাদার তদন্তের মাধ্যমে তা বের করতে হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, তদন্তে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, আবার প্রকৃত অপরাধীরাও যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে। সন্দেহভাজনদের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
একই সঙ্গে অপ্রতীমের মৃত্যুর রহস্য দ্রুত উদঘাটন, জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার পাশাপাশি শিশু-কিশোরসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।