এনসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে দিনভর অবস্থান

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দিলে দেশের কী লাভ হবে, তা জনগণের কাছে স্পষ্ট করার দাবি জানিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা

2026-09-20T18:02:11+00:00
2026-09-20T18:02:11+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
এনসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে দিনভর অবস্থান
চট্টগ্রাম ব্যুরো
রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ পিএম 
সংগৃহীত ছবি
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দিলে দেশের কী লাভ হবে, তা জনগণের কাছে স্পষ্ট করার দাবি জানিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি। একই সঙ্গে ইজারা দেওয়া হলে সম্ভাব্য ক্ষতির দিকগুলো নিয়েও জাতীয় পর্যায়ে সংলাপের আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।

এনসিটি ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর ভবনের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি। কর্মসূচি সফল করতে জাতীয় ফেডারেশন, বেসিক ইউনিয়ন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ হলে জাতীয় ফেডারেশন ও বেসিক ইউনিয়নগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। সভায় সভাপতিত্ব করেন বন্দর রক্ষা কমিটি চট্টগ্রামের আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার। সভা সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব ফজলুল কবির মিন্টু।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। জাতীয় অর্থনীতি ও বিপুলসংখ্যক শ্রমিকের জীবিকা বন্দরের কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত। তাই বন্দরের ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় জাতীয় স্বার্থের পাশাপাশি শ্রমিকদের অধিকার ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তাদের মতে, এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে এর অর্থনৈতিক সুবিধা, সম্ভাব্য ক্ষতি এবং দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে সরকারকে জনগণের সামনে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে। এ বিষয়ে প্রয়োজন হলে সরকারের উদ্যোগে জাতীয় সংলাপ আয়োজনেরও দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ৫ অক্টোবরের অবস্থান কর্মসূচির মাধ্যমে তারা শান্তিপূর্ণভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান। তবে শান্তিপূর্ণ আন্দোলনকে দুর্বলতা হিসেবে বিবেচনা করা হলে তা ভুল হবে। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

প্রয়োজনে দেশবাসীকে সঙ্গে নিয়ে অবরোধ ও হরতালের মতো কর্মসূচি দেওয়ার কথাও সভা থেকে জানানো হয়।

সভা থেকে সর্বস্তরের শ্রমিক, জাতীয় ফেডারেশন, বেসিক ইউনিয়ন এবং শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের আগামী ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এসকে খোদা তোতন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

সভায় উপস্থিত নেতারা ৫ অক্টোবরের কর্মসূচিতে শ্রমিকদের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি এনসিটি ইজারার বিষয়ে সরকারের কাছ থেকে স্বচ্ছ ব্যাখ্যা ও জাতীয় পর্যায়ে আলোচনার দাবি জানান।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: