বগুড়ায় ভোটের মাধ্যমে নির্বাচিত টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) নতুন কার্যনির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী। নবনির্বাচিত সভাপতি আমিনুর রহমান মোহন আখন্দ ও সাধারণ সম্পাদক মেহেরুল সুজন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে সাংবাদিক নেতারা টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের ঐক্য, পেশাগত নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধি, অধিকার ও মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, টেলিভিশন সাংবাদিকদের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পেশাগত মানোন্নয়নে বিটিআরইউ কার্যকর ভূমিকা রাখছে। ভুল তথ্য, গুজব, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ ও অপসাংবাদিকতার বিরুদ্ধে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তুলতে সংগঠনটি কাজ করছে।
তাঁরা আরও বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করা, পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সাংবাদিকদের সমস্যা, সম্ভাবনা ও পেশাগত উন্নয়ন নিয়ে নিয়মিত আলোচনা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, বগুড়া প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, প্রেসক্লাবের সহসভাপতি রাহাত আহমেদ রিটু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদসহ সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টেলিভিশনে কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গত ৭ মার্চ বিটিআরইউর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে গত শুক্রবার বগুড়া প্রেসক্লাবে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনার মতিউল ইসলাম সাদী নির্বাচনের ফল ঘোষণা করেন।