নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে দুজন মাদক ব্যবসায়ী, ২২ জন মাদকসেবী, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১২ আসামি এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কর্মকাণ্ডের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১১ সদস্য রয়েছেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় ৩ দশমিক ৩ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী, এক মাদকসেবী ও তিন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার অভিযানে নিষিদ্ধ সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। বন্দর থানা এলাকা থেকে দুই মাদকসেবী, দুই ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধ সংগঠনের এক সদস্যসহ পাঁচজনকে আটক করা হয়।
রূপগঞ্জে দুই মাদকসেবী, নিষিদ্ধ সংগঠনের তিন সদস্য ও এক ওয়ারেন্টভুক্ত আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ১৬ মাদকসেবীকে।
সোনারগাঁ থানা এলাকায় ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী, এক মাদকসেবী ও ছয় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের আরও এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।