রাজধানীর মিরপুরে শনিবার সন্ধ্যার পর পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মিরপুর-১১ নম্বরে চলন্ত অবস্থায় একটি বাসে আগুন লাগার কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটির কথা জানা গেছে। অন্যদিকে মিরপুর-১ নম্বরে একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসটির যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়।
এর কিছুক্ষণ পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে অভিযাত পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলের ভিডিওতে বাসটির পেছনের দিকে আগুন জ্বলতে দেখা যায়। বাইরে থেকে কয়েকজনকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতেও দেখা গেছে।
তবে মিরপুর-১ নম্বরের ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিসের কাছে কোনো তথ্য নেই বলে জানা গেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে বাসটি পুড়ে যায়নি। কারা এ ঘটনায় জড়িত, তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।
দুটি ঘটনার মধ্যে একটির ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির কথা নিশ্চিত হওয়া গেলেও অন্য বাসের আগুনের ঘটনায় তদন্ত চলছে।