রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় জুমার নামাজের পর পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ব্যস্ত ওই এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মালিবাগ রেলগেটসংলগ্ন মেইন রোডে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে এ বিস্ফোরণ ঘটে।
ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে।
প্রাথমিকভাবে জানা গেছে, জুমার নামাজের পরপরই বিস্ফোরণ দুটি ঘটে। তবে কারা এবং কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।