ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করতে পাঁচটি নতুন কন্টেইনার ক্যারিয়ার ট্রাক যুক্ত করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে গাবতলীর প্রস্তাবিত কাঁচাবাজার এলাকায় ডিএনসিসির পরিবহন ডিপোতে এসব ট্রাকের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
উদ্বোধন অনুষ্ঠানে প্রশাসক বলেন, নগরবাসীর বাসাবাড়ির বর্জ্য দ্রুত অপসারণ এবং সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে কার্যকরভাবে বর্জ্য পরিবহনের লক্ষ্যে নতুন ট্রাকগুলো যুক্ত করা হয়েছে। আগামীতে আরও ১০টি কন্টেইনার ক্যারিয়ার ট্রাক ডিএনসিসির বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, বর্তমানে ডিএনসিসির প্রায় ১৮০ থেকে ২০০টি গাড়ির মাধ্যমে প্রতিদিন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় চার হাজার টন বর্জ্য অপসারণ করা হচ্ছে। নতুন ভারী যান যুক্ত হওয়ায় বর্জ্য পরিবহনের সক্ষমতা আরও বাড়বে এবং নির্ধারিত ল্যান্ডফিলে কম সময়ে বর্জ্য পৌঁছানো সম্ভব হবে।
প্রশাসক বলেন, নগরবাসীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর উপহার দিতে ডিএনসিসি নিয়মিত বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করছে। নতুন যানগুলো এ কার্যক্রমকে আরও গতিশীল করবে।
এ সময় সাম্প্রতিক বৃষ্টিপাতের প্রসঙ্গ তুলে প্রশাসক দাবি করেন, কার্যকর সংস্কার ও বিভিন্ন পদক্ষেপের কারণে বর্তমানে ডিএনসিসির আওতাধীন এলাকায় জলাবদ্ধতার সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। প্রশাসক জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ কর্মসূচির আওতায় ডিএনসিসির পরিচ্ছন্নতা কার্যক্রম, এডিস মশার লার্ভা ধ্বংস, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নতুন ট্রাক উদ্বোধনের পর প্রশাসক নিজেই একটি ট্রাক চালিয়ে এর কার্যকারিতা পরীক্ষা করেন।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হুমায়ুন কবির, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিব হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরুল কায়েসসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।