রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি কার্যক্রমের সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করে তেজগাঁও থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
পুলিশের ওই কর্মকর্তা জানান, কলেজের মসজিদে গোপনে বৈঠক করার সময় তাদের আটক করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিষয়ে সন্দেহ তৈরি হলে অভিযান চালানো হয়।
তিনি বলেন, আটক ব্যক্তিরা জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত কি না, তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছেন।
পুলিশ জানিয়েছে, যাচাই-বাছাই শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।