বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করা এবং নাগরিকদের বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন করতে রাজধানীর সোয়ারীঘাটে চালু হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সোয়ারীঘাট লঞ্চঘাটে আনুষ্ঠানিকভাবে কর্মসূচিটির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
এ কর্মসূচির আওতায় বুড়িগঙ্গার তীর ও আশপাশ থেকে সংগ্রহ করা প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য ভাসমান বাজারে জমা দিলে এর বিনিময়ে চাল, ডাল, আটা, তেল, মাছ, মুরগিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে। একটি লঞ্চকে সাজিয়ে অস্থায়ী এ ভাসমান বাজার তৈরি করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রাচীন ঢাকা বুড়িগঙ্গাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল নদীটি। কিন্তু অবৈধ দখল ও যত্রতত্র বর্জ্য ফেলার কারণে বুড়িগঙ্গার অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। নদীকে রক্ষায় একদিনে সব সমস্যার সমাধান সম্ভব নয়, তবে এ ধরনের উদ্যোগের মাধ্যমে নদীতীরের বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে।
আবদুস সালাম আরও বলেন, বর্জ্যকে শুধু আবর্জনা হিসেবে না দেখে সম্পদে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্জ্য রিসাইক্লিংয়ের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, কম্পোস্ট সার ও ডিজেল উৎপাদনের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধেও নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ডাবের খোসা, এসি, ছাদ কিংবা ড্রেনে যাতে দীর্ঘসময় পানি জমে না থাকে, সেদিকে নজর দেওয়ার অনুরোধ করেন প্রশাসক। পাশাপাশি ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের কথাও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এছাড়া ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।