‘রাখিব চারপাশ পরিষ্কার, করিবো ডেঙ্গু প্রতিকার’—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ে জেলা শহরের ফুড অফিস মোড় এলাকার সরকারি আবাসিক ভবনের আশপাশে এ অভিযান চালানো হয়।
অভিযানে রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শাহানা আখতার জাহান, স্থানীয় সরকারের পরিচালক মোছাঃ তাছলিমা খাতুন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন-অর-রশীদসহ জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযানের অংশ হিসেবে সরকারি আবাসিক ভবনের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়। পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হয়।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিকদেরও সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, নালা ও আশপাশের এলাকায় পানি জমতে না দিলে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।
ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। একই সঙ্গে পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে নাগরিকদের সহযোগিতাও কামনা করা হয়েছে।