মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে দুর্ঘটনার খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে উদ্ধার অভিযান শুরু করা হয়।
তিনি জানান, সংঘর্ষে প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অপর ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিউ বলেশ্বর নামে বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে প্রাইভেটকারটি মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে যাচ্ছিল। জামালদি বাসস্ট্যান্ড এলাকায় বাসটির সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় প্রাইভেটকারটিতে চালকসহ মোট পাঁচজন ছিলেন। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।