রাজধানীর শাহবাগের ফুটপাতে দীর্ঘদিনের অনিশ্চিত জীবন শেষে এবার স্থায়ী ঠিকানা পেলেন অসহায় গোলাপী বেগম। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে তাঁর জন্য নির্মিত নতুন বাড়ির চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে।
‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে গোলাপী বেগমের হাতে ঘরের চাবি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং সংগঠনটির উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুনসহ সংগঠনটির সদস্য এবং জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, গোলাপী বেগমের জন্য নির্মিত ঘরটি শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, বরং তাঁর নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনের নতুন সুযোগ। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই ‘আমরা বিএনপি পরিবার’ কাজ করছে বলেও জানান তিনি।
গোলাপী বেগম দীর্ঘদিন ধরে রাজধানীর শাহবাগ এলাকায় ফুটপাতে বসবাস করছিলেন। তাঁর চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগের অংশ হিসেবে নবীনগরের রতনপুরে তাঁর জন্য বাড়িটি নির্মাণ করা হয়।
নতুন ঘর পেয়ে গোলাপী বেগম বলেন, গ্রামের অনেক মানুষ তাঁর কষ্টের কথা জানলেও তাঁর পাশে দাঁড়ানোর মতো কেউ ছিলেন না। এখন নিরাপদে থাকার জন্য নতুন বাড়ি পাওয়ায় তিনি সবার প্রতি কৃতজ্ঞ।
ফুটপাতের অনিশ্চিত জীবন পেরিয়ে নতুন ঠিকানা পাওয়ায় গোলাপী বেগমের জীবনে ফিরেছে স্বস্তি ও নিরাপত্তার আশা। নতুন এই ঘরেই তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চান।