নওগাঁর বদলগাছীতে ভিপি সম্পত্তির জমি দখল ও চাষাবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মাসুদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত ১০ সেপ্টেম্বর উপজেলার বালুভরা ইউনিয়নের পিতাম্বরপুর মৌজায় সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ১৫ সেপ্টেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর সকালে পিতাম্বরপুর মৌজায় ভিপি সম্পত্তির জমিতে চাষাবাদ ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় গুরুতর আহত হন বারাতৈল গ্রামের আফজাল হোসেনের ছেলে মাসুদ হোসেন।
স্থানীয় সূত্র জানায়, পিতাম্বরপুর মৌজায় প্রায় ১৪ বিঘা ১৭ শতক ভিপি সম্পত্তি রয়েছে। দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবার এসব জমি ইজারা নিয়ে চাষাবাদ করে আসছিল। পূর্বের ইজারাগ্রহীতাদের মধ্যে প্রধানকুন্ডি গ্রামের জাহাঙ্গীর হোসেন, পলাশ, আব্দুল কুদ্দুস, ফারুক হোসেন, মেহেদী হাসান রাজা, রোকসানা, দেলোয়ার হোসেন ও রিক্তার নাম জানা গেছে।
অপর পক্ষের দাবি, আগের ইজারার মেয়াদ শেষ হওয়ার পর বারাতৈল গ্রামের মাসুদ হোসেন, রিফাত হোসেনসহ কয়েকজন ওই জমি ইজারা নেওয়ার জন্য আবেদন করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
জানা যায়, বিরোধপূর্ণ জমিতে ধান, পটল, বরবটি ও মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ফসল চাষ করা হয়েছিল। জমির দখল নিয়ে বিরোধের পাশাপাশি ফসল নষ্টের অভিযোগও ওঠে। এরই জেরে ১০ সেপ্টেম্বর জমি থেকে পটল তোলা ও জমি ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহত মাসুদ হোসেনকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর তিনি মারা যান।
মাসুদ হোসেনের মৃত্যুর ঘটনায় তাঁর ভাই রিফাত হোসেন বাদী হয়ে বদলগাছী থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ভিপি সম্পত্তির জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।