
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে উৎপাদনের পরিধি আরও বাড়ল। গ্যাসক্ষেত্রটির ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হতে শুরু করেছে প্রতিদিন ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কূপটির গ্যাস সরবরাহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিতাস গ্যাসক্ষেত্রের সদর উপজেলার সুহিলপুর এলাকায় গত বছরের ১৫ ডিসেম্বর কূপটির খননকাজ শুরু হয়েছিল। প্রায় ৩ হাজার ৫২৬ মিটার গভীরে পৌঁছানোর পর খনন শেষ করে কূপটির সক্ষমতা যাচাইয়ে প্রয়োজনীয় পরীক্ষা চালানো হয়।
পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ১৯ জুন থেকে ২৮ নম্বর কূপ দিয়ে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। এবার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে কূপটির নিয়মিত সরবরাহ কার্যক্রম শুরু হলো।
তিতাস গ্যাসক্ষেত্রে বর্তমানে উৎপাদনে রয়েছে ২৩টি কূপ। এসব কূপ থেকে প্রতিদিন গড়ে প্রায় ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
নতুন কূপটি উৎপাদনে যুক্ত হওয়ায় তিতাস গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ আরও বাড়ল। ফলে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ ব্যবস্থায় নতুন এই কূপটি অতিরিক্ত ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ করবে।