বাংলাদেশের কোনো নাগরিক চাইলে যেকোনো সময় দেশ ছেড়ে যেতে পারেন এবং আবার দেশে ফিরতেও পারেন—এমন অধিকার সংবিধানে রয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তবে দেশে ফেরার পর সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়ে সরকার কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের এখতিয়ার বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন রুমিন ফারহানা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আশুগঞ্জের ‘আব্দুল কাদির শাহ পাঠাগার’ অনুষ্ঠানটির আয়োজন করে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে এবং দেশে ফিরতে পারেন। এ বিষয়টি সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে। তবে দেশে প্রবেশের পর সরকার কী ব্যবস্থা নেবে, সেটি সরকারের বিষয়।
এদিকে সম্প্রতি সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে আশুগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এ নিয়ে তারা ঝাড়ু মিছিলও করেন। বক্তব্য প্রত্যাহার না করলে রুমিন ফারহানাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারিও দেওয়া হয়।
এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকা, মিছিল-মিটিং করা কিংবা কাউকে অবাঞ্ছিত ঘোষণার মতো ঘটনা ঘটে। এগুলো রাজনীতির স্বাভাবিক অংশ বলেও মন্তব্য করেন তিনি।