প্রায় চার বছর পর কুষ্টিয়ার গড়াই নদীতে ফিরেছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে প্রতিযোগিতা শুরু হতেই নৌকার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে দর্শকদের উচ্ছ্বাস। করতালি, স্লোগান আর হই-হুল্লোড়ে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়।
দুপুর থেকেই ঘোড়াই ঘাট থেকে হরিপুর ব্রিজ পর্যন্ত নদীর পাড়ে জড়ো হতে থাকেন নানা বয়সী মানুষ। নৌকাবাইচ ঘিরে বসে গ্রামীণ মেলাও। সেখানে দেশীয় খাবার, খেলনা ও বিভিন্ন সামগ্রীর দোকান বসেছে।
কুমারখালীর কয়া ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ইমরান হোসেন ইউনুস। উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহবার উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
আয়োজকরা জানান, হারিয়ে যেতে বসা লোকজ ঐতিহ্য ফিরিয়ে আনা, মানুষের মধ্যে সম্প্রীতি বাড়ানো এবং যুবসমাজকে সুস্থ বিনোদনের সঙ্গে যুক্ত করাই এ আয়োজনের লক্ষ্য। ভবিষ্যতে প্রতিবছর আরও বড় পরিসরে নৌকাবাইচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
প্রথম দিনের প্রতিযোগিতায় সাতটি নৌকা অংশ নেয়। রোববার ফাইনাল ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিন দিনের আয়োজন শেষ হবে।