ফেনীর ছাগলনাইয়ায় গভীর রাতে জানালার গ্রিল কেটে বসতঘরে ঢুকে এক ওমানপ্রবাসীকে কুপিয়ে এবং তার স্ত্রীকে মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে একদল ডাকাত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া বনানীপাড়ার ভূঁইয়া ভবনে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ভবনের দ্বিতীয় তলায় ওমানপ্রবাসী আবদুর রশিদ ভূঁইয়া ও তার স্ত্রী বসবাস করতেন। ঘটনার সময় বাসায় তারা দুজন ছাড়া আর কেউ ছিলেন না। রাত ৩টার দিকে ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে বাধা দিতে গেলে আব্দুর রশিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে ডাকাতরা ঘর থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ বিপুল পরিমাণ টাকা লুট করে নিয়ে সটকে পড়ে।
পরে শুক্রবার ভোরে আহত আবদুর রশিদকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইসমাইল জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত করতে সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জোর তদন্ত চালানো হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।