লালমনিরহাটের হাতীবান্ধায় বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায়, দাতা সংস্থা কোইকার অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের কারিগরি সহায়তায় আরডিআরএস বাংলাদেশের জননী প্রকল্প এ আয়োজন করে।
হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম মিঠুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জননী প্রকল্পের অফিসার (জিআরসিএম) নুর আলম, হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবনসহ অনেকে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিতার্কিক জামাল হোসেন, শিব সুন্দর ও গোপাল চন্দ্র রায়।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের আটটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে পারুলিয়া তফসিলি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, গড্ডিমারী হাইস্কুল, নিছন দই আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় এবং দইখাওয়া বালিকা উচ্চ বিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করেন বিচারকেরা।
আয়োজকেরা জানান, জননী প্রকল্পের মূল লক্ষ্য রংপুর বিভাগের মাতৃমৃত্যু কমানো এবং বাল্যবিবাহ প্রতিরোধে ব্যাপক সচেতনতা তৈরি করা। শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণের ক্ষতিকর দিক সম্পর্কে পরিবার ও সমাজে সচেতনতা বাড়ানোই এ ধরনের আয়োজনের উদ্দেশ্য।