টাঙ্গাইলের সখীপুরে মায়ের ছুরিকাঘাতে তিন বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। একই দিনে উপজেলার পৃথক দুটি এলাকা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়াড় বাইদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আশরাফুল ওই গ্রামের শাহীন মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রাতে শাহীন মিয়ার স্ত্রী আখলিমা সন্তানদের নিয়ে ঘরে ঘুমাতে যান। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে শব্দ শুনে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে আশরাফুলকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। তার পেটের অংশে গুরুতর আঘাত ছিল। একই ঘটনায় আরেক সন্তানও আহত হয়ে জ্ঞান হারিয়ে পড়ে ছিল।
আশরাফুলকে দ্রুত ভালুকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত অপর শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিশুটির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা আখলিমাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং পরে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।
এদিকে, একই উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস পানাউল্লাহ পাড়া গ্রাম থেকে নজিরন (৬৮) এবং প্রতিমা বংকী গ্রাম থেকে সালাম (৭০) নামে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাদের দুজনের গলায় রশি প্যাঁচানো অবস্থায় মরদেহ পাওয়া যায়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, তিনটি মৃত্যুর ঘটনা সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। শিশু আশরাফুলকে চিকিৎসার জন্য ভালুকা নেওয়া হয়েছিল। অন্য দুজনের মরদেহ গলায় রশি প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনটি ঘটনাই তদন্ত করে দেখা হচ্ছে।