প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, উন্নয়ন হতে হবে সমতার ভিত্তিতে এবং এর সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কাউকে পিছিয়ে রেখে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না।
বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি জেলা পরিষদ সভাকক্ষে ‘ঝালকাঠি জেলার উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন বিবেচনায় নিয়ে উন্নয়ন পরিকল্পনা করতে হবে। এজন্য উন্নয়ন কার্যক্রম হতে হবে টেকসই ও দীর্ঘমেয়াদি। জেলার মানুষের প্রয়োজন ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোসহ সব খাতের উন্নয়ন সমন্বিতভাবে এগিয়ে নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ঝালকাঠির সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করে সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থান এবং জীবনমান উন্নয়নের সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানান।
ঝালকাঠি জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলার উন্নয়ন পরিকল্পনা, সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা নিয়ে মতামত তুলে ধরেন প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠনের নেতারা।
জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না।
এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা সভায় অংশ নেন। আলোচনায় শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, পর্যটন সম্ভাবনা কাজে লাগানো এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে মতামত দেওয়া হয়।
বক্তারা জেলার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।