চট্টগ্রামের সাতকানিয়ায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা ও জীবনমান উন্নয়নে আয়োজিত ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ শেষ হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সাতকানিয়া উপজেলা পরিষদের হলরুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব দাশ পুরকায়স্থ। উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আইসিটি অফিসার আনোয়ার হোসাইন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের আওতায় দেশের ৫৭ জেলার ১৫০টি উপজেলায় ১০ ধরনের প্রান্তিক পেশার ১২ হাজার পেশাজীবীকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সাতকানিয়ায় প্রথম ব্যাচে ৩০ জন প্রান্তিক পেশাজীবী প্রশিক্ষণে অংশ নেন।
প্রশিক্ষণে পেশাগত দক্ষতা বৃদ্ধি, কাজের আধুনিক পদ্ধতি এবং ব্যবসায়িক উন্নয়নের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণার্থীদের নির্ধারিত ভাতার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ দিতে প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ব্যাংক হিসাবের মাধ্যমে এককালীন ১৮ হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণার্থীদের হাতে অনুদানের ডামি চেক ও প্রশিক্ষণ সম্পন্নের সনদপত্র তুলে দেওয়া হয়।